সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ দুই কমিটি গঠনের সিদ্ধান্ত

জাতীয় ডেস্ক   |   রবিবার, ০৭ জুন ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ দুই কমিটি গঠনের সিদ্ধান্ত

সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক। গতকাল শনিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠকে দুই দেশের মধ্যে এই যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এ কথা জানিয়েছে। প্রেস উইং জানায়, বৈঠকে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রতিবছর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। খবর বাসসের।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, উৎপাদন এবং রোহিঙ্গা সমস্যার সমাধানে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রেস উইং জানায়, বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান। পাশাপাশি বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখা এবং জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেওয়ায় তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাক্ষাতের সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁর এ সফর বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত করার প্রথম পদক্ষেপ। এ লক্ষ্যে উভয় পক্ষ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বার্ষিক ফরেন অফিস কনসালটেশন আয়োজনের বিষয়ে একমত হয়েছে। এ ছাড়া দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের অংশগ্রহণে প্রতিবছর ‘টু প্লাস টু’ পরামর্শ বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর অংশগ্রহণে একটি পরামর্শ কাঠামো বা কমিটি গঠন করা হবে।

তুরস্কের প্রেসিডেন্টকে সফরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সৌজন্য সাক্ষাৎ করতে

গেলে প্রধানমন্ত্রী এ আমন্ত্রণ জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সফরের জন্য হাকান ফিদানকে ধন্যবাদ জানান। তারেক রহমানের কাছে প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের শুভেচ্ছা পৌঁছে দেন হাকান ফিদান।

হাকান ফিদানের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে গতকাল রাজধানীর একটি হোটেলে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। বৈঠকে এনসিপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৈঠকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ফিদান জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় এনসিপি নেতৃত্বকে অভিনন্দন জানান। এ সময় নাহিদ ইসলাম রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের ধারাবাহিক কূটনৈতিক সমর্থন ও সম্পৃক্ততার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দুই নেতা দ্বিপক্ষীয় ও কৌশলগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এনসিপি নেতারা বাংলাদেশ ও তুরস্কের যুবকদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য শক্তিশালী বিনিময় কর্মসূচি তৈরির গুরুত্ব তুলে ধরেন।
এনসিপি প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন দলটির সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সমন্বয়ক নাসীরুউদ্দীন পাটওয়ারী প্রমুখ।

Facebook Comments Box

Posted ৯:০৫ পিএম | রবিবার, ০৭ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(323 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।