ডেস্ক রিপোর্ট | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত

এয়ারবাস বিমান কেনাবেচার চুক্তিতে ৮ লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষেকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ—দুর্নীতি বা ঘুষের অভিযোগ তদন্তকারী কমিশন (সিআইএবিওসি)—তাকে গ্রেফতার করে। পরে কলম্বোর প্রধান ম্যাজিস্ট্রেট আসঙ্গা বোদারাগামা তদন্তের স্বার্থে ৪০ বছর বয়সী রাজাপক্ষেকে দুই সপ্তাহ আটক রাখার নির্দেশ দেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালের ২৩০ কোটি ডলারের এয়ারবাস চুক্তির সঙ্গে ঘুষ নেওয়ার অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযোগ রয়েছে, ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠানটির কাছ থেকে শ্রীলঙ্কার রাজনীতিক ও কর্মকর্তাদের দেওয়া অর্থের অংশ হিসেবে নামাল রাজাপক্ষে ৮ লাখ ডলার নিয়েছিলেন।
তদন্তকারীদের দাবি, এক শ্রীলঙ্কান ব্যবসায়ী দুটি সিঙ্গাপুরের ব্যাংক হিসাবের মাধ্যমে ওই অর্থ নামাল রাজাপক্ষের কাছে পাঠানোর ব্যবস্থা করেন।
গ্রেফতারের পর আদালতে জামিনের আবেদন করেন রাজাপক্ষের আইনজীবী নিশান্ত দয়ানন্দ। তবে আদালত তা নাকচ করে দেন।
এদিকে, গত মে মাসে একই বিমান কেনার ঘটনায় দুর্নীতির অভিযোগে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষেকেও জিজ্ঞাসাবাদ করেছিল সিআইএবিওসি।
এ ঘটনায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের সাবেক প্রধান নির্বাহী কপিলা চন্দ্রসেনার বিরুদ্ধেও তদন্ত চলছিল। মার্চে তিনি তদন্তকারীদের কাছে দাবি করেছিলেন, প্রেসিডেন্টকে প্রায় ৫ লাখ ডলার ঘুষ দিয়েছিলেন। মে মাসে পুনরায় গ্রেফতারের ঠিক আগে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তবে তার মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হয়নি।
Posted ৬:৩৫ এএম | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।