বিশ্ব ডেস্ক | রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 154 বার পঠিত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ পদ থেকে পদত্যাগ করেছেন আন্দ্রে ইয়েরমাক। ইউক্রেনের দুর্নীতি দমন সংস্থা এনএবিইউ তাঁর বাসভবনে অনুসন্ধান চালানো এবং একটি বড় ধরনের দুর্নীতিতে (জ্বালানি সংস্থা এনর্গোয়াটম সংশ্লিষ্ট) নাম জড়ানোর পর চাপের মুখে তিনি এ সিদ্ধান্ত নেন। গত শুক্রবার প্রেসিডেন্ট জেলেনস্কি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
ঘনিষ্ঠজনের পদত্যাগ যুক্তরাষ্ট্রের ইউক্রেন শান্তি প্রস্তাব নিয়ে ইতোমধ্যে চাপে থাকা জেলেনস্কিকে আরও সংকটে ফেলেছে। ইয়েরমাক তাঁর ঘনিষ্ঠ ও সবচেয়ে বিশ্বস্ত পরামর্শদাতা। তিনি রাশিয়ার সঙ্গে প্রধান প্রধান শান্তি আলোচক।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন ভালোদিমির জেলেনস্কি। তাঁর প্রধান সহযোগীর বিরুদ্ধে অভিযোগ ওঠায় এটি তাঁর নির্বাচনী এজেন্ডাকে দুর্বল করে দিতে পারে। এ ছাড়া পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে বিপুল আর্থিক সহায়তা দিচ্ছে। তারা কঠোরভাবে দুর্নীতিমুক্ত প্রশাসন দেখতে চায়। এই কেলেঙ্কারি ইউক্রেনকে আন্তর্জাতিকভাবে অস্বস্তিতে ফেলতে পারে।
এদিকে রুশ হামলায় ইউক্রেনের ছয় লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানায়, এ হামলায় জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। পাঁচ লাখের বেশি মানুষ শুধু রাজধানীতে বিদ্যুৎহীন অবস্থায় আছেন। গত শুক্রবার রাতে চালানো হামলায় তিনজন নিহত হন। ১৩ বছর বয়সী এক শিশুসহ আহত হয়েছেন এক ডজন মানুষ।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, তারা প্রায় ৬০০ ড্রোনের মধ্যে ৫৫৮টি ভূপাতিত করেছে। শীতের আগে রাশিয়া বেসামরিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ আরও জোরদার করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা সামরিক-শিল্প কমপ্লেক্স ও সহায়ক জ্বালানি স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে।
সর্বশেষ এই বোমা হামলাটি এমন সময় ঘটল যখন ইউক্রেনীয় আলোচকরা মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়পক্ষকে একটি খসড়া শান্তি পরিকল্পনা গ্রহণে উৎসাহিত করছেন। এটা পরে সংশোধন করা হলেও প্রাথমিকভাবে রাশিয়ার পক্ষে ঝুঁকে ছিল।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুনর্ব্যক্ত করেছেন, রাশিয়া আক্রমণ বন্ধ করবে যদি ইউক্রেনের সেনারা মস্কোর দাবি করা অঞ্চল থেকে সরে যায়। প্রেসিডেন্ট জেলেনস্কি দেশের সার্বভৌমত্ব বজায় রাখার ওপর জোর দিয়েছেন।
Posted ১১:৫৮ এএম | রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।