জাতীয় ডেস্ক | বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ | প্রিন্ট | 5 বার পঠিত

রাতভর ঝড়-বৃষ্টি আর বৈরী আবহাওয়ার মধ্যেও দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। আয়তনের দিক থেকে এশিয়ার অন্যতম বৃহৎ এই ঈদগাহ ময়দানে লাখো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। বৃহস্পতিবার সকাল ৯টায় অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন মাওলানা মতিউর রহমান কাসেমী। নামাজে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রায় ২২ একর আয়তনের এই বিশাল ময়দানে নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ঈদের বড় জামাতে অংশ নিতে ভোর থেকেই দিনাজপুরসহ আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মুসল্লিরা গোর-এ শহীদ ময়দানে আসতে থাকেন। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেও বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।
ঈদগাহ ময়দানকে নামাজ উপযোগী করতে কয়েকদিন ধরেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। রোলার দিয়ে পুরো মাঠ সমান করা, সবুজ ঘাসের ওপর চুন দিয়ে কাতারের দাগ টানা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ওজুর ব্যবস্থা করা হয়। মুসল্লিদের নির্বিঘ্ন প্রবেশের জন্য মাঠের চারপাশে ২০টি প্রবেশদ্বার স্থাপন করা হয়।
নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয় কঠোর ব্যবস্থা। মাঠজুড়ে বসানো হয় তিনটি ওয়াচ টাওয়ার। সেখান থেকে পুরো এলাকা পর্যবেক্ষণ করে আইনশৃঙ্খলা বাহিনী। মাঠে প্রবেশের আগে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালানো হয়। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয়। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, আনসার ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন। প্রতিটি কাতারেই সাদা পোশাকের গোয়েন্দা সদস্যদের উপস্থিতি ছিল। খুতবা ও নামাজের শব্দ পৌঁছে দিতে ব্যবহার করা হয় প্রায় ১০০টি মাইক।
উপশহর এলাকার সোহেল রানা বলেন, ‘বড় জামাতে নামাজ পড়ে খুব ভালো লাগে। অনেক অনেক গর্ববোধ করি। একসাথে অনেক মানুষের সাথে নামাজ আদায় করলাম। এখানে অনেক দুর-দুরান্ত থেকে মুসল্লীরা আসেন।’
দিনাজপুর চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাষ্ট্রির পরিচালক আখতারুজ্জামান জুয়েল বলেন, ‘সকল মুসল্লীর জন্য এই ঈদগাহ ময়দানে নামাজ আদায় করলাম। লাখ লাখ মুসল্লী থাকে, অবশ্যই আল্লাহ কারও না কারও দোয়া কবুল করবেন। ওই হাতের উসিলায় আমরা এখানে ছুটে আসি।’
বগুড়া গাবতলী থেকে আসা জাবেদ আলী বলেন, ‘লাখো মানুষের সাথে নামাজ আদায় করলাম। আমাকে খুব ভালো লেগেছে। এর আগেও এখানে নামাজ আদায় করেছি, এবারও এসেছি। বড় জামাতে নামাজ আদায় করলে সওয়াব বেশি।’
দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায় হয়েছে। এখানে পুলিশ বাহিনীর বেশ সহযোগিতা ছিল, নিরাপত্তা ব্যবস্থা ছিল। নামাজের পরিবেশও ভালো ছিল। মুসল্লীদের জন্য সব ধরনের ব্যবস্থা ছিল। জনগনের আশা আশাঙ্খার প্রতিফলন হওয়ার আশ্বাস প্রকাশ করে সকলকে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।’
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোর-এ শহীদ বড় ময়দানের আয়তন প্রায় ২২ একর। ২০১৭ সালে নির্মিত ৫২ গম্বুজবিশিষ্ট ঈদগাহ মিনার নির্মাণে ব্যয় হয় প্রায় ৩ কোটি ৮০ লাখ টাকা। মিনারটিতে রয়েছে ৫০টি গম্বুজ এবং দুই পাশে ৬০ ফুট উচ্চতার দুটি মিনার। পুরো স্থাপনাটি সিরামিকস দিয়ে নির্মিত এবং রাতে আলোকসজ্জায় দৃষ্টিনন্দন রূপ ধারণ করে।
Posted ৩:১৯ পিএম | বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।