ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 0 বার পঠিত

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় হ্রদের পানিতে সাঁতার কাটার পর বিরল ‘মগজখেকো’ অ্যামিবার সংক্রমণে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশুটির নাম লিলিয়ান স্মার্ট। সম্প্রতি সে স্থানীয় ক্লিবোর্ন হ্রদে সাঁতার কাটে। এরপর অসুস্থ হয়ে গত ১৫ আগস্ট হাসপাতালে ভর্তি হয়। আট বছর বয়স পালনের পরদিন শনিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত ১৯ আগস্ট শিশুটির শরীরে নেগ্লেরিয়া ফাউলেরি নামের অ্যামিবার সংক্রমণ শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য বিভাগ। হ্রদে সাঁতার কাটার সময়ই তার শরীরে সংক্রমণটি ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শিশুটির পরিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় জানায়, অ্যামিবার সংক্রমণে লিলিয়ানের মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।
নেগ্লেরিয়া ফাউলেরি সাধারণত উষ্ণ মিঠা পানিতে বাস করে। দূষিত পানি নাক দিয়ে শরীরে প্রবেশ করলে অ্যামিবাটি মস্তিষ্কে পৌঁছে প্রাইমারি অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস (পিএএম) নামে বিরল ও প্রাণঘাতী সংক্রমণ ঘটাতে পারে। তবে পানি গিলে ফেললে এ সংক্রমণ হয় না।
এ রোগের শুরুতে মাথাব্যথা, জ্বর, বমি ও বমিভাব দেখা দিতে পারে। পরে খিঁচুনি ও কোমার মতো গুরুতর উপসর্গ দেখা দেয়।
যুক্তরাষ্ট্রে এ সংক্রমণ অত্যন্ত বিরল হলেও মৃত্যুহার অনেক বেশি। ১৯৩৭ সাল থেকে দেশটিতে প্রায় ১৮০ জনের আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। আক্রান্তদের প্রায় ৯৭ শতাংশই মারা গেছেন।
জলাশয়ে নিয়মিত এ অ্যামিবার উপস্থিতি পরীক্ষা করা হয় না। ফলে কোনো নির্দিষ্ট জলাশয়ের পানিতে অ্যামিবা আছে কি না, তা আগে থেকে শনাক্ত করা কঠিন।
Posted ২:৫৮ এএম | মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।