নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত

পবিত্র মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষা মুসলিম উম্মাহর অন্যতম ঈমানি দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক।
তিনি বলেছেন, হারামাইন শরিফাইনের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা নিন্দনীয়। পবিত্র এই দুই মসজিদের সুরক্ষা নিশ্চিত করতে বিশ্বের মুসলমানদের সব মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস আয়োজিত ‘হারামাইন শরিফাইনের রক্ষায় হুথি সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান: আমাদের ঈমানি দায়িত্ব’ শীর্ষক জাতীয় সেমিনার-২০২৬-এ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৌদি আরবে হুথি গোষ্ঠীর হামলার প্রতিবাদ এবং পবিত্র দুই মসজিদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় মুসলিম উম্মাহর সম্মিলিত ভূমিকা জোরদার করার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।
‘হারামাইন শরিফাইনের রক্ষা আমাদের ঈমানের অংশ’
অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক বলেন, ‘হারামাইন শরিফাইনের রক্ষা আমাদের ঈমানের অংশ। পবিত্র মক্কা ও মদিনা বিশ্বের মুসলমানদের হৃদয়ের কেন্দ্র। এই দুই পবিত্র স্থানের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা অত্যন্ত নিন্দনীয় ও ঈমানবিধ্বংসী কাজ। হারামাইন শরিফাইনের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে।’
ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলা ও আগ্রাসন মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের বিষয় উল্লেখ করে তিনি বলেন, হারামাইন শরিফাইনের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই।
পবিত্র স্থানগুলোর নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে মুসলিম বিশ্বের দেশগুলোকে সমন্বিত, কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, পারস্পরিক বিভেদ ভুলে পবিত্র হারামাইন শরিফাইনের সুরক্ষায় মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে। পবিত্র স্থানগুলোর ওপর যেকোনো ধরনের আগ্রাসন এবং নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া সময়ের দাবি।
সেমিনারে উপস্থিত ছিলেন যারা
সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুহাম্মদ আসাদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি অধ্যাপক ড. দেওয়ান আবদুর রহীম, অধ্যাপক ড. আহমদুল্লাহ বিশালী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অধ্যাপক ড. মুসলেহ উদ্দীন, কেন্দ্রীয় জমঈয়তের উপদেষ্টা শাইখ সাইফুদ্দীন বিলাল মাদানী, সংগঠনের সহসভাপতি শাইখ ড. মুহাম্মদ হাসান সাইন, অধ্যাপক ড. মুহাম্মদ রঈসুদ্দীন, শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মাহমুদ ইমাম হোসাইন।
আলোচনায় অংশ নেন সংগঠনের যুগ্ম সেক্রেটারি জেনারেল শাইখ ড. মুযাফফর বিন মুহসিন, ফাতাওয়া ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. মুহাম্মদ ইবরাহীম মাদানী, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আনওয়ারুল ইসলাম জাহাঙ্গীর এবং জমঈয়ত শানে আহলে হাদীস বাংলাদেশের সভাপতি আবদুল্লাহিল হাদী ও সাধারণ সম্পাদক শাইখ তানযীল আহমাদ মুখ।
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস জানায়, পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তা এবং হারামাইন শরিফাইনের মর্যাদা রক্ষা মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়। এ বিষয়ে বিশ্ব মুসলিমের মধ্যে সচেতনতা, সংহতি ও দায়িত্বশীল অবস্থান জোরদার করার পাশাপাশি পবিত্র দুই মসজিদের সুরক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা পালনে উদ্বুদ্ধ করাই এ সেমিনারের অন্যতম উদ্দেশ্য।
Posted ৪:৪৩ পিএম | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।