ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০ নতুন লোকোমোটিভ, অনুমোদন ৩০টির

জেলা প্রতিনিধি   |   মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০ নতুন লোকোমোটিভ, অনুমোদন ৩০টির

দেশের রেলওয়ের সক্ষমতা বাড়াতে ৮০টি নতুন লোকোমোটিভ সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৩০টি লোকোমোটিভ কেনার প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে। নিয়ম মেনে দরপত্র প্রক্রিয়া শেষে এসব লোকোমোটিভ কেনা হবে। তবে এগুলো দেশে পৌঁছাতে আরও দুই থেকে আড়াই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে দিনাজপুরের পার্বতীপুরে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, রেলওয়ের সক্ষমতা বাড়াতে নতুন লোকোমোটিভ সংগ্রহের পাশাপাশি বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। যত দ্রুত সম্ভব এসব লোকোমোটিভ সংগ্রহ করা গেলে রেলওয়ের কার্যক্রম আরও গতিশীল হবে।

১৮ বছরে ব্যয় ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা, তবু হয়নি প্রত্যাশিত উন্নয়ন

রেলওয়ের সামগ্রিক উন্নয়ন নিয়ে শেখ রবিউল আলম বলেন, বিগত সরকার ১৮ বছরে রেল খাতে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় করেছে। কিন্তু এত ব্যয়ের পরও প্রত্যাশিত উন্নয়ন হয়নি। অপচয়, অপ্রয়োজনীয় ব্যয় ও লুটপাটের কারণে রেলওয়ের কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জিত হয়নি। কোনো কোনো ক্ষেত্রে রেলওয়ে পিছিয়ে পড়েছে, কোথাও কোথাও রেলসম্পদও ধ্বংস হয়েছে।

তিনি বলেন, সময়ের সঙ্গে রেলসেবার মানে প্রত্যাশিত পরিবর্তন আসেনি। গত ১৮ বছরে রেলওয়ে বিভাগে যথাযথ তদারকির অভাব ছিল। বর্তমান সরকার এ পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা করছে। তবে রেলওয়ের কাঙ্ক্ষিত উন্নয়ন এবং যাত্রীদের প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে কিছুটা সময় লাগবে। রেলসেবার মান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান সক্রিয় রয়েছেন।

উত্তরবঙ্গের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব

রেল যোগাযোগকে আরও যাত্রীবান্ধব করার পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে রেলওয়ে বিভাগকে অধিক গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে রেলভিত্তিক যাত্রী পরিবহন সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গে রেল যোগাযোগের ঐতিহ্য ও সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, ঢাকার আশপাশের জেলাগুলো থেকে সকালে ঢাকায় এসে রাতে ফিরে যাওয়ার সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে। যাত্রীদের যাতায়াত সহজ করা এবং সেবার মান উন্নয়নের মাধ্যমে রেলওয়েকে আরও জনবান্ধব করে তোলাই সরকারের লক্ষ্য।

এ সময় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলামসহ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৬:৩৩ পিএম | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।