খেলাধুলা ডেস্ক | বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 6 বার পঠিত

মঞ্চটা এএফসি নারী এশিয়ান কাপ। যে মঞ্চে প্রথমবার খেলতে নামছে বাংলাদেশ। আগেভাগে অস্ট্রেলিয়ায় যাওয়া বাংলাদেশের মেয়েরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতি শানিয়ে নিতে। আর নিজেদের শক্তি-দুর্বলতা যাছাই করার জন্য বুধবার অস্ট্রেলিয়ার ‘এ’ লিগের দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমারা। এই ম্যাচের মধ্য দিয়েই বাংলাদেশ কোচ বাটলার আসল লড়াইয়ের জন্য ফরমেশন সাজাবেন। এমনকি স্কোয়াডের প্রায় সব ফুটবলারকে পরখ করে নিতে চান ব্রিটিশ এ কোচ। আগামী ১ মার্চ শুরু হবে এশিয়ান কাপ। বাংলাদেশের পথচলা হবে ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ ‘বি’তে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।
মঙ্গলবার চতুর্থ দিনের মতো সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে অনুশীলন সেরেছে বাংলাদেশের মেয়েরা। অনুশীলনে তাদের আক্রমণের দীক্ষাই দিয়েছেন কোচ। ২৬ জন খেলোয়াড় নিয়ে অস্ট্রেলিয়া গেলেও এখনও সেরা একাদশ চূড়ান্ত করেননি তিনি। ‘আমি জানি না, আজ (মঙ্গলবার) রাতে আমি বসে দলের বিষয়টি নিয়ে ভাবব। আমি মাত্র কয়েকটি বিকল্প নিয়ে কাজ করেছি। আমরা ৩-৪-৩ নাকি ৩-৫-২ নাকি ৪-৪-২ ফরমেশনে খেলব, সেটা মাথায় রেখে এগোতে হবে। পুরোটাই পরিস্থিতির ওপর নির্ভর করছে। আমি জানি আমি কী করতে চাই, কিন্তু আমি স্রেফ দুটি ৪৫ মিনিটের অর্ধে এটি দেখতে চাই।’ প্রতিপক্ষের চেয়ে পিছিয়ে থাকলেও নিজেদের শক্তির জানান দিতে চান বাটলার, ‘মেয়েদের মাথায় এটা ঢোকাতে হবে, আমরা পিছিয়ে আছি ঠিকই, কিন্তু আরও গুরুত্বপূর্ণ হলো আগামীকাল দুই অর্ধে মেয়েদের পরখ করে দেখার সুযোগ পাব।’
শক্তিশালী কোনো দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলা হয়নি। তাই মেয়েদের দুর্বল দিকগুলো সেভাবে জানা হয়নি বাটলারের। তবে গত চার দিনের অনুশীলন দেখে তহুরা খাতুন-মনিকা চাকমাদের ওপর খুশি ব্রিটিশ কোচ, ‘মেয়েরা সত্যিই খুব ভালো কাজ করেছে। মানে, তাদের প্রচেষ্টায় আমি কোনো খুঁত খুঁজে পাচ্ছি না। তারা যে পরিমাণ পরিশ্রম করেছে, তা দুর্দান্ত।’ অস্ট্রেলিয়ান এ লিগের দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটাকে স্রেফ অনুশীলন ম্যাচ হিসেবেই দেখছেন বাটলার, ‘ম্যাচটিকে একটি অনুশীলন ম্যাচ হিসেবে ব্যবহার করুক, আমি এটাই চাইছি। একটি সুন্দর পরিবেশে এটি একটি অনুশীলন ম্যাচ এবং আরও গুরুত্বপূর্ণ হলো এটি তরুণ ও অভিজ্ঞ– সব খেলোয়াড়দের জন্যই একটি বড় প্রতিযোগিতা।’
Posted ১:৫৯ পিএম | বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।