জাতীয় ডেস্ক | বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 15 বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দুপুর দুইটা পর্যন্ত প্রায় ৪৮ শতাংশ ভোট পড়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে।
এর আগে দুপুর ১২টা পর্যন্ত ভোট সংগ্রহের তথ্য জানিয়েছিলেন ইসি সচিব। তিনি জানান, সকাল সাড়ে সাতটা থেকে সারাদেশে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে একযোগে ভোট শুরু হয়েছে। কোথাও বিলম্ব হয়নি। ভোটাররা আসছেন এবং ভোট দিচ্ছেন।
ইসি সচিব বলেন, দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের তথ্য অনুযায়ী, সংসদ নির্বাচন ও গণভোট মিলিয়ে ভোট প্রদানের হার ৩২ দশমিক ৮৮ শতাংশ। আমরা বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো কেন্দ্রে ভোট স্থগিত হয়নি। সব কেন্দ্রেই ভোট চালু আছে।
তিনি বলেন, কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল। তবে সেগুলো নিয়ন্ত্রণে আছে। স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। আশঙ্কাজনক কোনো পরিস্থিতি নেই। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। এর জন্য আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। এ সময় ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানান।
বিভিন্ন জায়গায় সহিংসতার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ধরনের মারাত্মক সহিংসতার ঘটনা ঘটেনি। ভোট দিয়ে যাওয়ার পথে মারামারির মতো ঘটনা জানতে পেরেছি। মূলত কেন্দ্রের বাইরে এ ধরনের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেওয়ার কারণে কোথাও ভোট স্থগিত হয়নি।
Posted ১২:২১ পিএম | বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।