মঙ্গলবার ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ঢাকা-৯ আর অবহেলিত থাকবে না, প্রতিশ্রুতি ডা. তাসনিম জারার

রাজনীতি ডেস্ক   |   শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   97 বার পঠিত

ঢাকা-৯ আর অবহেলিত থাকবে না, প্রতিশ্রুতি ডা. তাসনিম জারার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ডা. তাসনিম জারা। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই ইশতেহার ঘোষণা করেন তিনি।

‘ফুটবল’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এই চিকিৎসক প্রার্থী তার ইশতেহারে গ্যাস সংকট, জলাবদ্ধতা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, শিক্ষা, কর্মসংস্থান এবং এমপির জবাবদিহিতার মতো মৌলিক সমস্যাগুলোকে অগ্রাধিকার দিয়েছেন। তিনি বলেছেন, ঢাকা-৯ দীর্ঘদিন ধরে অবহেলিত, এবার এই এলাকার মানুষ তাদের ন্যায্য অধিকার বুঝে নেবে।

ডা. তাসনিম জারা বলেন, ঢাকা-৯-এর বাসিন্দারা গুলশান-বনানীর মতোই কর ও বিল পরিশোধ করলেও সেবার ক্ষেত্রে বৈষম্যের শিকার। ভোটের সময় নেতারা এলেও নির্বাচনের পর তাদের আর দেখা যায় না। রাষ্ট্র এই এলাকার মানুষকে কেবল রাজস্ব আদায়ের উৎস হিসেবে দেখে বলেও অভিযোগ করেন তিনি। নিজেকে ‘পেশাদার রাজনীতিবিদ নন, এই এলাকার মেয়ে’ হিসেবে পরিচয় দিয়ে তিনি বলেন, ঢাকা-৯-কে অবহেলার দিন শেষ।

ইশতেহারের প্রথম অংশে গ্যাস, রাস্তা ও জলাবদ্ধতার সমস্যা তুলে ধরে তিনি বলেন, নিয়মিত বিল দেওয়ার পরও বাসাবাড়িতে গ্যাস পাওয়া যায় না। চুলা জ্বালালে বাতাস বের হয়, অথচ বিল ঠিকই দিতে হচ্ছে। এটিকে তিনি প্রতারণা হিসেবে উল্লেখ করেন। এর পাশাপাশি জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনার দুরবস্থা ও ভাঙাচোরা রাস্তার কারণে এলাকাবাসীর দুর্ভোগের কথা তুলে ধরেন।

সমাধান হিসেবে তিনি সংসদে ‘সেবা না দিলে বিল নয়’ নীতির পক্ষে আইন প্রস্তাবের কথা জানান। গ্যাস সরবরাহ ব্যর্থ হলে বিল মওকুফের দাবি তোলার পাশাপাশি এলপিজি সিন্ডিকেট ভেঙে ন্যায্য দামে গ্যাস সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, বর্ষার আগে খাল-নর্দমা পরিষ্কার এবং বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতি চালুর কথাও বলেন তিনি।

রাস্তা খুঁড়ে কাজ ফেলে রাখার সংস্কৃতি বন্ধে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না করলে ঠিকাদারকে জরিমানার আওতায় আনার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।

স্বাস্থ্য খাত নিয়ে ইশতেহারে ডা. তাসনিম জারা বলেন, প্রায় ৭-৮ লাখ মানুষের জন্য ঢাকা-৯ এলাকায় বড় হাসপাতাল মাত্র একটি—মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল। ৫০০ শয্যার এই হাসপাতালে রোগীর চাপ সামলানো অসম্ভব হয়ে পড়েছে। ডেঙ্গু পরিস্থিতিকে ভয়াবহ উল্লেখ করে তিনি বলেন, লোক দেখানো মশক নিধনের কারণে প্রতিবছর মানুষের প্রাণ যাচ্ছে।

সমাধানে তিনি মুগদা হাসপাতালে জনবল বৃদ্ধি, আধুনিক যন্ত্রপাতি সচল রাখা এবং হাসপাতাল কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি কমিউনিটি ক্লিনিকগুলোকে ‘মিনি হাসপাতাল’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথা বলেন। সারা বছরব্যাপী ‘ডেঙ্গু টাস্কফোর্স’ গঠন করে লার্ভা নিধন ও ড্রেন পরিষ্কারের পরিকল্পনার কথাও জানান তিনি। নারীস্বাস্থ্য সুরক্ষায় গর্ভবতী মায়েদের সাশ্রয়ী চিকিৎসা ও নারী-বান্ধব অবকাঠামো নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

নিরাপত্তা প্রসঙ্গে ইশতেহারে বলা হয়, ঢাকা-৯ এলাকার অনেক সড়ক ও অলিগলি মাদক সিন্ডিকেটের দখলে চলে গেছে। সন্ধ্যার পর নারীদের চলাচল অনিরাপদ হয়ে পড়েছে। এ অবস্থার পরিবর্তনে ‘নিরাপদ করিডোর’ কর্মসূচির আওতায় স্কুল, কলেজ ও গার্মেন্টস এলাকার রাস্তায় সিসিটিভি ও শক্তিশালী ল্যাম্পপোস্ট বসানোর অঙ্গীকার করেন তিনি। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং মাদকাসক্তদের চিকিৎসার আওতায় আনার কথাও জানান। নারীবান্ধব পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে পরিবহন মালিকদের সঙ্গে সমন্বয়ের প্রতিশ্রুতি দেন তিনি।

শিক্ষা খাতে ডা. তাসনিম জারা বলেন, অপরিকল্পিত কারিকুলাম ও ভর্তি বাণিজ্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করছে। তিনি ঘোষণা দেন, স্কুল ভর্তিতে এমপির কোনো সুপারিশ বা কোটা থাকবে না। তার বরাদ্দ থেকে স্কুলে আধুনিক বিজ্ঞানাগার, লাইব্রেরি, ভাষা ও কোডিং ক্লাব গড়ে তোলার পরিকল্পনার কথা জানান। মানসিক স্বাস্থ্য, সহশিক্ষা কার্যক্রম ও কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার ওপর জোর দেওয়ার প্রতিশ্রুতিও রয়েছে ইশতেহারে।

অর্থনীতি ও কর্মসংস্থানের অংশে তিনি তরুণ উদ্যোক্তাদের জন্য ‘স্টার্ট-আপ ঢাকা-৯’ তহবিল গঠনের কথা বলেন। জামানত ছাড়াই সহজ শর্তে ঋণ নিশ্চিত করতে ব্যাংকগুলোর সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। কর্মজীবী মায়েদের জন্য প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি ডে-কেয়ার সেন্টার এবং অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি সংসদে তুলে ধরার কথাও বলেন তিনি।

সবশেষে এমপির জবাবদিহিতা নিয়ে ডা. তাসনিম জারা বলেন, তিনি ‘অতিথি পাখি’ হবেন না। নির্বাচিত হলে এক মাসের মধ্যে এলাকায় স্থায়ী কার্যালয় চালু, অভিযোগ নিষ্পত্তিতে ডিজিটাল ড্যাশবোর্ড এবং কোনো প্রটোকল ছাড়াই জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের ব্যবস্থা করবেন।

ইশতেহারের শেষাংশে তিনি বলেন, তার এই ঘোষণাপত্র ফাঁকা প্রতিশ্রুতি নয়, এটি এলাকাবাসীর সঙ্গে তার চুক্তি। ঢাকা-৯-এর গ্যাস-পানি, নিরাপত্তা ও মর্যাদা ফিরিয়ে আনতে আসন্ন নির্বাচনে ‘ফুটবল’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

Posted ৭:০৬ পিএম | শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।