জাতীয় ডেস্ক | রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 98 বার পঠিত

আওয়ামী লীগ শাসনামলে শতাধিক গুম-খুনের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের আবেদন জানিয়েছে প্রসিকিউশন বিভাগ। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আজ রোববার এ আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিন কারাগার থেকে জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
আজ শুনানিতে জিয়াউলের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, আওয়ামী শাসনামলে সংঘটিত মহাকাব্যিক গুম সংস্কৃতির নায়ক ছিলেন জিয়াউল আহসান। এসব অভিযোগে ১০৩ জনকে গুম-খুনের বীভৎস বর্ণনা তুলে ধরেন তিনি। এ সংক্রান্ত ভিডিও রয়েছে বলেও জানানো হয়। একপর্যায়ে মামলার একমাত্র আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আবেদন করেন তাজুল ইসলাম।
আসামিপক্ষে শুনানি করেন জিয়াউল আহসানের বোন সুপ্রিমকোর্টের আইনজীবী নাজনীন নাহার। তিনি প্রসিকিউশনের কাছে ভিডিও চান। তবে ট্রাইব্যুনালে দাখিলের পর তাকে দেওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন। ফলে সবকিছু পর্যালোচনা শেষে নিজের মক্কেলের অব্যাহতি চেয়ে আবেদন করবেন বলে জানান তিনি। পাশাপাশি আগামী ৮ জানুয়ারি এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।
আনিসুল-সালমানের ভয়েস রেকর্ড পরীক্ষার আবেদন খারিজ
জুলাই অভ্যুত্থানের সময় কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে হত্যায় উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় বিদেশি বিশেষজ্ঞ দিয়ে নিজেদের ভয়েস রেকর্ড পরীক্ষা করার আবেদন করেছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান। আইনজীবীর মাধ্যমে করা এ আবেদনের ওপর শুনানি শেষে আজ রোববার খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তাদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী।
এদিন শুনানির সময় সালমান ও আনিসুলের ভয়েস রেকর্ড পরীক্ষা করার জন্য বিদেশি বিশেষজ্ঞের সাহায্য চাওয়ার আবেদন করা হয়। কারফিউ দিয়ে গুলি চালানোর পরিকল্পনা নেওয়ার দিন ফোনে তাদের কোনো কথা হয়নি বলে দাবি করেন এই আইনজীবী। শুনানি শেষে আবেদনটি খারিজ করে ট্রাইব্যুনাল বলেন, এরইমধ্যে প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাই এমন কোনো কারণে আইনজীবীর সময় বাড়ানো হবে না। যদিও আসামিপক্ষের আবেদনটি নথিভুক্ত রাখার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন নির্ধারণ করা হয়।
নতুন বছরে ন্যায়বিচার, সততা ও আইনের শাসনের পথে অবিচল থাকার আহ্বান
নতুন বছরের সূচনায় ন্যায়বিচার, সততা ও আইনের শাসনের পথে অবিচল থাকার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ রোববার প্রসিকিউশনের প্রতি এ আহ্বান জানিয়েছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২।
এদিন আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোসহ সাত হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়া তদন্ত কর্মকর্তার দ্বিতীয় দিনের মতো জেরা শুরু হয়। দিনের শুরুতেই প্রসিকিউশনের পক্ষ থেকে বিচারকদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানানো হয়। জবাবে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আমরাও দোয়া করি। আমরা যেন সঠিক আর ন্যায়ের পথে থাকতে পারি। আপনারাও সততা ও ন্যায়ের পথে অবিচল থাকবেন। এরপর আশুলিয়ার মামলায় তদন্ত কর্মকর্তা জানে আলম খানকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিরাজুল ইসলাম।
Posted ৩:০৩ পিএম | রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।