খেলাধুলা ডেস্ক | সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল পর্বেই জায়গা পায়নি তারা। কিন্তু এবারের আসরে সেই জিম্বাবুয়েই আবির্ভূত হয়েছে ‘জায়ান্ট কিলার’ হিসেবে। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে রীতিমতো চমক দেখিয়েছে তারা। উড়তে থাকা সেই জিম্বাবুয়ে আজ সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে। মুম্বাইয়ে রাতের একমাত্র এই লড়াইয়ে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত থাকা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়, সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।
এবারের আসরে জিম্বাবুয়ে যেন নিজেদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। শ্রীলঙ্কাকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে প্রথম রাউন্ড শেষ করার পাশাপাশি শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে তাদের বাড়ির টিকিট ধরিয়ে দিয়েছে দলটি। তবে সুপার এইটে আজকের লড়াইটি তাদের জন্য সহজ হবে না। কারণ প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজও আছে দারুণ ছন্দে। গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে ৩০ রানের দাপুটে জয়সহ নিজেদের চার ম্যাচের সবকটিতেই জিতেছে ড্যারেন স্যামির শিষ্যরা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ রানের জয়ে মাত্র ১৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করে জিম্বাবুয়ের জয়ের নায়ক ছিলেন পেসার ব্লেসিং মুজারাবানি। এই তারকা পেসারকে আজকের ম্যাচে ক্যারিবীয়দের জন্য ‘এক্স-ফ্যাক্টর’ হিসেবে দেখছেন কোচ ড্যারেন স্যামি।
ম্যাচের আগে প্রতিপক্ষকে সমীহ করে স্যামি বলেন, ‘আমরা কেবল তাকে (মুজারাবানি) নিয়ে নয়, প্রতিপক্ষের প্রত্যেক খেলোয়াড়ের জন্যই পরিকল্পনা করি। তবে সে অবশ্যই এক্স-ফ্যাক্টর।’
প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই জানিয়ে উইন্ডিজ কোচ আরও যোগ করেন, ‘প্রতিপক্ষকে সম্মান করতেই হবে। তারা আমাদের জন্য কী হুমকি তৈরি করতে পারে, সেটা আমরা জানি। একই সঙ্গে এটাও জানি, মুজারাবানিকে কীভাবে নিষ্ক্রিয় রাখতে হবে।’
Posted ১১:৫০ এএম | সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।