রাজনীতি ডেস্ক | বুধবার, ১৮ মার্চ ২০২৬ | প্রিন্ট | 69 বার পঠিত

চীন দূতাবাস ঢাকা-১৫ আসনে দুস্থদের মধ্যে ঈদসামগ্রী দিয়েছে। এ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার এসব সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। জামায়াতের আমির এ সময় বলেন, চীন কখনও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি।
মিরপুর-১০ নম্বরে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান তিস্তা প্রকল্পের বিষয়টি তোলে ধরেন তাঁর বক্তব্যে। চীন এই প্রকল্প বাস্তবায়নে আগ্রহী। আওয়ামী লীগ শাসনামলে ভারতও আগ্রহ দেখায়। ফলে প্রকল্পটি ঝুলে যায়।
শফিকুর রহমান বলেন, অতীতে কেন তিস্তা প্রকল্প বাস্তবায়ন হয়নি, তা সবাই বোঝে। তিস্তা প্রকল্প উত্তরাঞ্চলের কান্না, সারা বাংলাদেশের কান্না; আমরা এই কান্নার অবসান চাই।
ভারতের প্রতি ইঙ্গিত করে জামায়াত আমির বলেন, স্বাধীন পররাষ্ট্র নীতি চাই। সারাবিশ্বকে জানিয়ে দিতে চাই, আমরা স্বাধীন দেশের নাগরিক, আমাদের নিজস্ব পরররাষ্ট্র নীতি আছে। তাই তিস্তা প্রকল্প বাস্তবায়নে শুধু সমর্থন নয়, কিছু করার থাকলে তা করব।
ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি আটকে থাকার মধ্যে ‘তিস্তা রিভার কমপ্রিহেনসিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট’ শীর্ষক এ প্রকল্প হাতে নেয় বাংলাদেশ সরকার। এই প্রকল্পে চীনা কোম্পানিকে কাজ দেওয়ার বিষয়ে ঢাকাকে নয়াদিল্লির উদ্বেগ জানানোর মধ্যেই বেইজিং প্রায় ১০০ কোটি ডলারের আনুষ্ঠানিক প্রকল্প প্রস্তাব জমা দেয়।
শফিকুর রহমান বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক সুদীর্ঘ ৫০ বছরের। তখন থেকে চীন বৃহৎ উন্নয়ন অংশীদার।
চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উদাহরণ দিয়ে জামায়াত আমির বলেন, এটি পরিপূর্ণভাবে চীনের উপহার। বাংলাদেশের একটি টাকাও এখানে নেই। বিগত ফ্যাসিস্ট আমলে বন্ধুত্বের নিদর্শন হাইজ্যাক হয়ে গিয়েছিল। তারা এই কেন্দ্রের নাম পাল্টে দিয়েছিল। এটা চরম অকৃতজ্ঞতা।
ভারতের প্রতি ইঙ্গিত করে জামায়াত আমির আরও বলেন, অনেকে বাংলাদেশকে কিছু না দিয়ে, সব কিছু নিয়ে যখন-তখন হস্তক্ষেপ করেছে; কিন্তু চীন করেনি। চীন অবিরত বন্ধুর পরিচয় দিয়ে চলেছে।
Posted ৪:২৩ পিএম | বুধবার, ১৮ মার্চ ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।