রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী

রাজনীতি ডেস্ক   |   শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী

জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানে সঙ্গে তিনি এক টেবিলে ইফতার করেন। ইফতারের পূর্বে সরকারপ্রধান বলেন, ‘আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি, আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে।’

বিরোধী দলের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার নজির নেই- গত কয়েক দশকে। তবে জামায়াতের আমন্ত্রণে সাড়া দিয়ে শনিবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের ইফতারে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমন্ত্রণ জানানোর জন্য তিনি জামায়াত আমির শফিকুর রহমানকে ধন্যবাদ জানান।

জানা যায়, বিকেল সাড়ে পাঁচটার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যান প্রধানমন্ত্রী। তাকে অর্ভ্যত্থান জানান জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। পরে ক্ষমতাসীন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে তিনি মাহফিলস্থলে যান। সেখানে তাকে স্বাগত জানান জামায়াত আমির। এসময় করমর্দন করেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা।

ইফতারে আরও যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. মঈন খান। ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনসহ মন্ত্রিসভার সদস্যরা। মাহফিলে আসেন এনসিপির সদস্য আখতার হোসেন, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জ্যেষ্ঠ নেতারা।

এসময় দেড় মিনিটের সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন আমরা আল্লাহর দরবারে রহমত চাই, যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক আল্লাহ তায়ালা দেবেন।’

তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে—বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে।’

জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটি গুরুত্বপূর্ণ সময়ে সকলে এখানে একত্রিত হয়েছি, দেশের গুরুত্বপূর্ণ সময়ে। কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে, এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ প্রায় এক দশকেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে, বিভিন্ন অত্যাচার-নির্যাতন, গুম-খুনের শিকার হয়েছে। এত ত্যাগের বিনিময়ে আজকের এই গণতন্ত্রের যাত্রা- যেটি সূচনা হয়েছে নির্বাচনের মাধ্যমে।’

সরকারপ্রধান বলেন, ‘এই ত্যাগের মাধ্যমেই, এই আত্মত্যাগের মাধ্যমে, হাজারো মানুষের অত্যাচার, লাখো মানুষের নির্যাতনের মাধ্যমে আমরা আমাদের বাক-ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ আমরা ফিরে পেয়েছি। সেজন্য আসুন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি।’

এরপর সভাপতির বক্তব্যে শফিকুর রহমান বলেন, ‘২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীকে বিতর্কিত আদালতের দেওয়া রায়ের পর, একদিনে ৭০ জনকে হত্যা করা হয়। দুই দিনে দেড়শ মানুষকে হত্যা করা হয়। বিচার না করে উল্টো নিহতদের স্বজনদের বিরুদ্ধে মামলা করা হয়।’

বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘সেই সময়ে খালেদা জিয়া বিদেশ ছিলেন। তিনি দেশে ফিরে সাঈদীর রায়ের প্রতিবাদের কর্মসূচিতে হত্যাকে গণহত্যা আখ্যা দিয়ে হরতাল ডেকেছিলেন। তার এই ভূমিকা কৃতজ্ঞতা ভরে স্মরণ করি।’

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, ‘খালেদা জিয়ার সন্তানের ওপর আজ দেশ পরিচালনার দায়িত্ব পড়েছে। জামায়াত গতানুগতিক বিরোধী দল হিসেবে থাকতে চায় না। আমরা চাই সংসদ হোক অর্থবহ, জনগণের সকল চাওয়া-পাওয়ার কেন্দ্রবিন্দু। সরকার দল দায়িত্বশীল ভূমিকা পালন করুক, বিরোধীদল হিসেবেও দায়িত্বশীল ভূমিকা পালন করব। অতীতে ‘আমি-ডামি’ নির্বাচনে ‘আমি-ডামি’ সরকারি ও বিরোধীদল ছিল।’

চব্বিশের গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শফিকুর রহমান প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘সরকারের সকল সঙ্গত কাজে বিরোধীদলের পূর্ণ সমর্থন থাকবে। কিন্তু সরকার যদি অসঙ্গত সিদ্ধান্ত নেয়, তবে দৃষ্টি আকর্ষণ করব। সরকার আমাদের পরামর্শ না নিলে, বিরোধীদলের যে ভূমিকা তা পালন করব। আমরা ধারণা করব, সরকার সংসদকে এগিয়ে যাওয়ার বাহনে পরিণত করবে। কোনো বাহন এক চাকায় চলে না। দুটি চাকা লাগে। সরকারি দল যদি সামনের চাকা হয়, বিরোধী দল হবে পেছনের চাকা। আমরা সমন্বয় ও পারস্পারিক সম্মান চাই।’

ইফতারে যোগ দেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বীক্রম, বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মামুনুল হক, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ বিভিন্ন দলের নেতারা।

নায়েবে আমির এটিএম আজহারুল ইসলামসহ জামায়াতের জ্যেষ্ঠ নেতা, নবনির্বাচিত এমপি, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন ইফতারে।

Facebook Comments Box

Posted ৪:৩৩ পিএম | শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।