জাতীয় ডেস্ক | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 10 বার পঠিত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেছেন, পরিচালনা নিয়ে জাপানের একটি প্রতিষ্ঠানের সঙ্গে দরকষাকষি শেষ হওয়ার পর চুক্তি সই হতে কমপক্ষে তিন মাস সময় লাগবে। এরপর ছয় মাস থেকে এক বছরের একটি টেস্ট রান পরিচালনা করা হবে। টেস্ট রানের প্রায় ছয় মাস পর সীমিত আকারে তৃতীয় টার্মিনাল চালু হতে পারে।
সোমবার শাহজালাল বিমানবন্দর এলাকায় বিমান চলাচল সংস্থার সদরদপ্তরে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ বা এটিজেফবির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বেবিচক চেয়ারম্যান বলেন, সরকার আগামী ১৬ ডিসেম্বরকে একটি ডেডলাইন হিসেবে নির্ধারণ করেছে। সেই লক্ষ্য সামনে রেখেই কাজ এগিয়ে চলছে।
তিনি বলেন, তৃতীয় টার্মিনাল ধাপে ধাপে চালুর পরিকল্পনা রয়েছে। জাপানের একটি প্রতিষ্ঠানের সঙ্গে পরিচালনা চুক্তি সম্পন্নের প্রক্রিয়া চলমান আছে। বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই চুক্তিটি করা হবে। এ পর্যন্ত একাধিক দফা আলোচনা হয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যে চুক্তি সম্পন্ন হতে পারে বলে আশা প্রকাশ করা হয়। চুক্তি সইয়ের পর কমপক্ষে তিন মাস সময় লাগবে। এরপর ৬ মাস থেকে এক বছরের একটি টেস্ট রান পরিচালনা করা হবে। টেস্ট রানের পর সীমিত পরিসরে টার্মিনাল চালু করা সম্ভব হবে।
মতবিনিময় সভায় বেবিচকের এ চেয়ারম্যান বলেন, তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থায় জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাশাপাশি একটি বিদেশি প্রতিষ্ঠানকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তৃতীয় টার্মিনালে সেবার মানোন্নয়ন এবং প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে যাত্রীসেবা আরও আধুনিক ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
মতবিনময় সভায় এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার, সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব, বেবিচকের সদস্য এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান, সদস্য এস এম লাবলুর রহমান, সদস্য এয়ার কমডোর মো. নুর-ই-আলম, সদস্য এয়ার কমডোর মো. মুকিত-উল-আলম মিঞা, সদস্য এয়ার কমডোর মো. আসিফ ইকবাল প্রমুখ।
বেবিচক চেয়ারম্যান আরও বলেন, সরকার নির্ধারিত সময়সীমা সামনে রেখে কাজ এগিয়ে চলছে। তবে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিবেচনায় দ্রুত শিফটিং ঝুঁকিপূর্ণ হওয়ায় সতর্কতার সঙ্গে ধাপে ধাপে কার্যক্রম এগোনো হচ্ছে। তৃতীয় টার্মিনালের ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণ সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়মিত মেইনটেনেন্স কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং প্রয়োজনীয় সময় পর্যন্ত সাপোর্ট দেবে।
Posted ১১:৪১ এএম | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।