রাজনীতি ডেস্ক | মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 81 বার পঠিত

নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস পাওয়ায় ঘেরাও কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। তিন দফা দাবিতে গত রোববার থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে ঘেরাও কর্মসূচি পালন করে আসছিল সংগঠনটি।
গতকাল সোমবার বিকেলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজের সঙ্গে বৈঠক শেষে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্তের কথা জানান ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৈঠকে রাকিবের নেতৃত্বে সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসিরসহ একটি প্রতিনিধি দল অংশ নেয়।
বৈঠক শেষে রাকিব সাংবাদিকদের বলেন, দেশের ভেতরে পোস্টাল ব্যালট প্রক্রিয়ায় পরিবর্তনের যে দাবি ছিল, তা আমলে নেওয়ার কথা জানিয়েছে কমিশন। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের বিতর্কিত প্রজ্ঞাপনটিও স্থগিত করা হয়েছে। ইসির অনুরোধে এবং দাবি মানার বিষয়ে ইতিবাচক আশ্বাস পাওয়ায় কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে কোনো গোষ্ঠী যদি আবারও অপকৌশল করে ইসির ওপর চাপ সৃষ্টির চেষ্টা করে, তবে ছাত্রদল উপযুক্ত জবাব দেবে।
এ সময় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান বলেন, গত ২০২৪ সালের ৫ আগস্টের পর একটি বিশেষ পক্ষ দেশের সকল নিয়োগ ও পদোন্নতিতে প্রভাব বিস্তার করছে। তা অবিলম্বে বন্ধ করতে হবে। ক্যাম্পাসে কোনো ধরনের গুপ্ত রাজনীতিচর্চা বরদাশত করা হবে না।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দ্বিতীয় দিনের মতো ইসি ঘেরাও কর্মসূচি শুরু করেন ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী। এতে ছাত্রদল সভাপতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আজ যদি আমাদের দাবি পূরণে ইসির সদিচ্ছার প্রকাশ না পায়, আমরা সব ধরনের পন্থা অবলম্বন করব। আমরা শুধু মূল সড়ক অবরোধ করছি; দাবি আদায়ে প্রয়োজনে মূল গেট অবরোধের বিষয়টিও আমাদের বিবেচনায় রয়েছে। দাবি আদায় করতে প্রয়োজনে সারারাত এখানে অবস্থান করব। দাবি আদায় ছাড়া এখান থেকে যাব না।’
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা। নির্বাচন সুষ্ঠু করার জন্য আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। একটি বিশেষ গোষ্ঠী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে।
ছাত্রদলের ঘেরাও কর্মসূচি ঘিরে এদিন সকাল থেকে নির্বাচন ভবনের সামনে কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়। সেখানে সেনাবাহিনী ও বিজিবি ছাড়াও পুলিশ, র্যাব, নৌবাহিনী এবং আনসার বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। এরই মধ্যে ব্যারিকেডের সামনে অবস্থান নেওয়া ছাত্রদল নেতাকর্মীরা স্লোগান ও সমাবেশ অব্যাহত রাখেন। বিকেলে ইসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও কর্মসূচি স্থগিতের ঘোষণার পর অবস্থান ত্যাগ করেন তারা।
তিন দফা দাবিতে রোববার ইসি ঘেরাও কর্মসূচি পালন করে ছাত্রদল। পরে সন্ধ্যায় সংগঠনটির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ইসি কার্যালয়ে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে তিন দফা দাবি লিখিতভাবে প্রদান করেন।
ছাত্রদলের প্রধান তিন দাবির মধ্যে আছে– নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা রক্ষায় পোস্টাল ব্যালটসংক্রান্ত সিদ্ধান্ত সংশোধন করা, রাজনৈতিক চাপের মুখে অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ বন্ধ করে ইসির পেশাদারিত্ব বজায় রাখা এবং শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন নিয়ে জারি করা ‘বিতর্কিত’ প্রজ্ঞাপন বাতিল।
Posted ৭:৪২ এএম | মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।