মঙ্গলবার ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

সেরা অভিনেতা জর্ডান, জেসি বাকলির ধারাবাহিক জয়

বিনোদন ডেস্ক   |   সোমবার, ০২ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   22 বার পঠিত

সেরা অভিনেতা জর্ডান, জেসি বাকলির ধারাবাহিক জয়

নতুন নামে আত্মপ্রকাশ করলেও আবহে ছিল চিরচেনা ঔজ্জ্বল্য। ‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস’ এখন থেকে ‘দ্য অ্যাক্টর অ্যাওয়ার্ডস’ নামে পরিচিত। ৩২তম আসরে বিজয়ীদের তালিকায় সেরা অভিনেতা হয়েছেন মাইকেল বি জর্ডান এবং সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে জেসি বাকলির হাতে। বিশ্বের ১ লাখ ৬০ হাজারের বেশি অভিনয়শিল্পীর ভোটে নির্ধারিত এই পুরস্কার বরাবরই শিল্পীদের পছন্দের প্রকৃত প্রতিফলন হিসেবে বিবেচিত।

‘সিনার্স’-এর রাত
দক্ষিণাঞ্চলের প্রেক্ষাপটে নির্মিত ভ্যাম্পায়ার হরর থ্রিলার ‘সিনার্স’ জিতে নিয়েছে সেরা সিনেমার পুরস্কার। এ সিনেমায় অভিনয়ের সুবাদে সেরা অভিনেতার পুরস্কারও জিতে নেন মাইকেল বি জর্ডান। টিমোথি শালামের মতো দাপুটে প্রতিযোগীকে পেছনে ফেলে দ্বৈত চরিত্রে জর্ডানের অভিনয়ের স্বীকৃতি মিলেছে। তাইতো কৃতজ্ঞতা জানাতে গিয়ে তিনি তাঁর দীর্ঘদিনের সৃজনশীল সহযাত্রী রায়ান কুগলারকে ধন্যবাদ জানান জর্ডান।

বাকলির ধারাবাহিক সাফল্য

বাফটা ও গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী হিসেবে জয়ের পর এবারও সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জেসি বাকলি। ‘হ্যামনেট’ সিনেমায় তাঁর অভিনয় মুগ্ধ করেছে ভোটারদের। এমা স্টোন ও রোজ বাইর্নকে পেছনে ফেলে এই জয় তাঁর ধারাবাহিক সাফল্যেরই প্রমাণ। মঞ্চে দাঁড়িয়ে বাকলি বলেন, ‘এখানে উপস্থিত অনেক শিল্পীর পাশাপাশি বাইরের অনেকেই আমার জীবন বদলে দিয়েছেন। সবার প্রতি রইল আমার কৃতজ্ঞতা।’ এবারের আসরে ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব-অভিনেতা নির্বাচিত হয়েছেন শন পেন। গত সপ্তাহে বাফটা জয়ের পর এই নিয়ে টানা দ্বিতীয় বড় পুরস্কার পেলেন তিনি, যদিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। পার্শ্ব-অভিনেত্রী বিভাগে চমক দেখান অ্যামি ম্যাডিগান। ‘ওয়াপনস’ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করে তিনি ফেভারিট টিয়ানা টেলরকে হারান। ম্যাডিগান বলেন, ‘এখানে আসা সত্যিই সম্মানের। আমি এত বছর ধরে এই পেশায় আছি, আমি নার্ভাস এবং অভিভূত। আর খুশিতে আত্মহারা।’

গত জানুয়ারিতে মারা যান অভিনেত্রী ক্যাথরিন ও‘হারা। ‘দ্য স্টুডিও’ সিরিজে তাঁর অভিনয়ের জন্য তাঁকে মরণোত্তর সেরা অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয়। তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন সেথ রোজেন। আবেগাপ্লুত রোজেন বলেন, ‘এটি একইসঙ্গে গর্বের ও বেদনার এক সম্মান। তিনি নিশ্চয়ই নিজের সহশিল্পীদের কাছ থেকে এই পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করতেন।’ ও’হারার কথা স্মরণ করে তিনি আরও বলেন, ‘তিনি ছিলেন ভীষণ মানবিক ও ভালো মনের মানুষ। এটাই ছিল তাঁর বিশেষ গুণ।’

টেলিভিশনে ‘দ্য স্টুডিও’র একচ্ছত্র আধিপত্য

এমি ও গোল্ডেন গ্লোবসের সাফল্যের ধারা বজায় রেখে কমেডি বিভাগে দাপট দেখায় অ্যাপল টিভির ‘দ্য স্টুডিও’। ‘দ্য বিয়ার’ ও ‘ওনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ এর মতো প্রতিযোগীদের পেছনে ফেলে সেরা কমেডি অভিনয়শিল্পীদলের পুরস্কারসহ মোট তিনটি পুরস্কার জিতে নেয় সিরিজটি। সেরা কমেডি অভিনেতা নির্বাচিত হয়েছেন সহ-নির্মাতা সেথ রোজেন। সেরা ধারাবাহিকের পুরস্কার জিতে নেয় ‘দ্য পিট’। এবারের আসরে এর প্রতিদ্বন্দ্বী ছিল ‘দ্য হোয়াইট লোটাস’ ও ‘সেভারেন্স’-এর মতো জনপ্রিয় ধারাবাহিক।

সীমিত দৈর্ঘ্যের ধারাবাহিকে অভিনয় করে ইতিহাস গড়েন ১৬ বছর বয়সী ওয়েন কুপার। নেটফ্লিক্সের আলোচিত ‘অ্যাডোলেসেন্স’-এ অভিনয়ের জন্য তিনি এই বিভাগের সর্বকনিষ্ঠ বিজয়ী হন। এর আগে তিনি এমি ও গোল্ডেন গ্লোবসও জিতেছেন। অন্যদিকে ‘ডাইং ফর সেক্স’-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মিশেল উইলিয়ামস। তিনি ‘অ্যাডোলেসেন্স’-এর সহ-অভিনেত্রী এরিন ডোহার্টিকে হারিয়ে এই পুরস্কার জিতেছেন। সীমিত ধারাবাহিকে সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কারটি ছিল কিছুটা অপ্রত্যাশিত। ‘প্লুরিবাস’-এর রিয়া সিহর্ন এবং ‘দ্য হোয়াইট লোটাস’-এর পার্কার পোজি ও এইমি লু উডের মতো প্রতিযোগীদের পেছনে ফেলে এই পুরস্কার জিতেছেন লিজা কলন-জাগাস। ‘দ্য ডিপ্লোম্যাট’-এর জন্য কেরি রাসেল প্রথমবারের মতো সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন।

আজীবন সম্মাননা

কিংবদন্তি অভিনেতা হ্যারিসন ফোর্ডকে এবার আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয়। হ্যারিসন ফোর্ডের হাতে সম্মাননা তুলে দেন উডি হারেলসন। মঞ্চে এসে ফোর্ড বলেন, ‘এই স্বীকৃতির জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু সত্যি বলতে কি, আমি বেশ লজ্জিতও বোধ করছি।’ রসিকতা করে তিনি এটাকে ‘বেঁচে থাকার পুরস্কার’ বলে উল্লেখ করেন। ক্রিস্টেন বেলের সঞ্চালনায় নেটফ্লিক্সে সরাসরি সম্প্রচারিত এই আয়োজনের শুরুতে তিনি বলেন, ‘আমার মনে হয় এই মুহূর্তে পৃথিবীর একটু হালকা মুহূর্তের খুব দরকার। তাই আমরা আজ রাতটা মজা রাখার চেষ্টা করব।’ রাজনৈতিক ভাষণ ছিল অনেকটাই সংযত।

Facebook Comments Box

Posted ১২:৫৭ পিএম | সোমবার, ০২ মার্চ ২০২৬

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।