জাতীয় ডেস্ক | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ | প্রিন্ট | 25 বার পঠিত

আগামী ছয় মাসে শিক্ষা খাতে কী কী পদক্ষেপ নেওয়া হবে–সে বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সব মন্ত্রণালয়কে আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা প্রস্তুত করতে বলা হয়েছে। জনগণ এই সময়ে কী কী দৃশ্যমান অগ্রগতি দেখবে এবং কোন লক্ষ্য কতটুকু বাস্তবায়ন সম্ভব তার পূর্ণাঙ্গ পরিকল্পনা মন্ত্রিসভায় তুলে ধরা হবে। শিক্ষা মন্ত্রণালয় কীভাবে সামনের কাজগুলো গোছাচ্ছে এবং কোন কোন উদ্যোগ অগ্রাধিকার পাবে, সে বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।
ববি হাজ্জাজ জানান, শিক্ষা ও শিক্ষাঙ্গন নিয়ে প্রধানমন্ত্রীর যে সামগ্রিক ভিশন রয়েছে, তার আলোকে মন্ত্রণালয়কে আরও সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনা অনুযায়ী পরিকল্পনাগুলো চূড়ান্ত করে বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে।
সরকারি সূত্রে জানা গেছে, শিক্ষা খাতে জবাবদিহি ও দৃশ্যমান অগ্রগতির লক্ষ্যে এই ছয় মাসের কর্মপরিকল্পনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
আরও কিছু দিন পদে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য পদত্যাগপত্র জমা দিলেও দায়িত্ব হস্তান্তর না হওয়া পর্যন্ত পদে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, মন্ত্রণালয়ের দাপ্তরিক সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট একটি তারিখ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। এরপর স্থায়ীভাবে নতুন উপাচার্য নিয়োগে আমরা সঠিক পদ্ধতি অনুসরণ করেই এগিয়ে যাব।
উপাচার্য নিয়োগে ‘বৈশ্বিক সেরা চর্চা’ অনুসরণের বিষয়ে প্রধানমন্ত্রী আগ্রহ দেখিয়েছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এত বড় ও প্রসিদ্ধ একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সেরা প্রক্রিয়া কী, প্রধানমন্ত্রী সেটি জানতে চেয়েছেন। আমরা সেই তথ্য প্রধানমন্ত্রীর ডেস্কে পৌঁছে দিচ্ছি, যাতে ভবিষ্যৎ সিদ্ধান্ত দেশ ও শিক্ষাঙ্গনের জন্য সবচেয়ে ভালো হয়।
সাত কলেজ ইস্যু ‘মীমাংসিত’ বৈঠকে সাত কলেজ প্রসঙ্গ উঠেছে কিনা–এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, সাত কলেজ মীমাংসিত বিষয়। এতে সবাই সম্মতি দিয়েছেন। শিক্ষাঙ্গন খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। এখানে কোনো কিছু হুটহাটে আমরা হাত দেব না।
Posted ২:৩৫ পিএম | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।