সোমবার ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   239 বার পঠিত

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে পুলিশের বাধা

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে ২০২৪ সালের ৩১ জুলাই বুধবার সারা দেশে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর অংশ হিসাবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন জায়গায় লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়। বিভিন্ন স্থানে সাংবাদিকসহ আহত হন অন্তত ৯০ জন।

আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মুক্তি, শিক্ষার্থী হত্যা, গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তিসহ ৯ দফা দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। মঙ্গলবার রাতে টেলিগ্রাম অ্যাপে এ কর্মসূচির ঘোষণা দেন তিনি।

মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসাবে বুধবার দুপুর ১২টা থেকে হাইকোর্টের মাজার গেট এলাকায় জড়ো হন শিক্ষার্থী ও শিক্ষকরা। দুপুর সাড়ে ১২টার দিকে সেখান থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। পরে প্রায় ৩ ঘণ্টা ধরে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমানসহ কয়েকজন শিক্ষক সেখানে উপস্থিত ছিলেন। হাইকোর্টের ভেতরে আইনজীবীদের একটি দলও মিছিল করে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের আরেকটি অংশ দুপুর ১টার দিকে মিছিল নিয়ে হাইকোর্টের দিকে যেতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। একপর্যায়ে তারা দোয়েল চত্বরে অবস্থান নেন। কিছুক্ষণ পর সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশ করেন। বেলা ৩টার দিকে সেখান থেকে তারা চলে যান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও অংশ নেন। বুধবার দুপুর ১টার দিকে কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল ও গণস্বাক্ষর সংগ্রহের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনসংলগ্ন মহুয়া মঞ্চের সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন।

এইদিন সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। শিক্ষার্থীরা বাধা পেরিয়ে যাওয়ার সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। এতে শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হন।

এদিকে বৃহস্পতিবার নতুন কর্মসূচি ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার আন্দোলনের সহ-সমন্বয়ক রিফাত রশিদের পাঠানো বিবৃতিতে বলা হয়, এ কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার শিক্ষার্থী নির্যাতনের ভয়ংকর দিন-রাতের স্মৃতিচারণ করা হবে। শহীদ ও আহতদের নিয়ে পরিবার ও সহপাঠীরা স্মৃতিচারণ করবেন। শিক্ষার্থীদের নির্যাতনের বিভিন্ন ঘটনা নিয়ে চিত্রাঙ্কন, গ্রাফিতি, দেওয়াললিখন, ফেস্টুন, ডিজিটাল পোর্ট্রেট প্রভৃতি তৈরি করা হবে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রশ্নে পালটাপালটি সংবাদ সম্মেলন করে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির দুপক্ষ। দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে প্রথমে সংগঠনটির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন সংবাদ সম্মেলন করেন। পরে সমিতির সম্পাদক শাহ মঞ্জুরুল হক পালটা সংবাদ সম্মেলন করেন।

বাংলাদেশের সঙ্গে নতুন অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সেপ্টেম্বরে প্রথম দফার এ আলোচনা শুরু হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশের চলমান পরিস্থিতির আলোকে আলোচনা স্থগিত করা হয়েছে বলে বুধবার ইইউর এক মুখপাত্র জানান।

ছাত্রদের কোটা আন্দোলন ও দেশের পরিস্থিতি সহিংস হওয়ার মধ্যেই অনেক মন্ত্রী-এমপি দেশ ছাড়েন। দেশের পরিস্থিতি নাজুক দেখে ঢাকা ছাড়েন অনেক প্রভাবশালী। তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ভারত, থাইল্যান্ড, চীন ও দুবাই পাড়ি জমান।

১৪ দিন পর বাংলাদেশে সচল হয় ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগমাধ্যম। বুধবার বেলা ৩টার পরপরই এগুলো ব্যবহার শুরু হয়। বাংলাদেশে শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে ‘আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ, নির্বিচারে গ্রেফতার এবং নির্যাতন’র মতো বিষয়গুলোতে গভীরভাবে উদ্বিগ্ন জাতিসংঘ মানবাধিকার কমিশন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে ভবিষ্যৎ নির্যাতন বন্ধে দীর্ঘমেয়াদে নিরাপত্তা খাতের সংস্কার জরুরি বলে জানায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে অবিলম্বে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানায় নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা। কোটা সংস্কার আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীর বলপ্রয়োগের নিন্দা জানিয়ে বিবৃতি দেয় যুক্তরাষ্ট্রের দুই সিনেটর। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন থেকে জারি করা বিবৃতিতে মার্কিন সিনেটর বেন কার্ডিন ও কোরি বুকার বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির নিন্দা জানান।

Facebook Comments Box

Posted ৪:৪৫ এএম | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।