মঙ্গলবার ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
ঢাকা–১৭ আসন

ভোটার বেড়েছে দুপুর থেকে, নারী উপস্থিতি চোখে পড়ার মতো

জাতীয় ডেস্ক   |   বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   49 বার পঠিত

ভোটার বেড়েছে দুপুর থেকে, নারী উপস্থিতি চোখে পড়ার মতো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ জনগণ বিপুল উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করছে। ঢাকা-১৭ আসনে সকালে ভোটগ্রহণ শুরুর দিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বেড়েছে। বিশেষ করে নারী ভোটারদের কেন্দ্রগুলোতে লম্বা লাইন দেখা গেছে।

বনানী মডেল স্কুলের ৫১-৫৪ কেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত গড়ে ভোট পড়েছে ৪০ শতাংশ। ৫৪ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবুল কালাম জানান, তার কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৩ হাজার ৪০৪ জন। দুপুর পর্যন্ত এ কেন্দ্রে প্রায় ৩৯ শতাংশ ভোট পড়েছে।

এদিকে বনানী বিদ‍্যা নিকেতন স্কুলে মোট ৭টি কেন্দ্র রয়েছে। দুপুর ১টা পর্যন্ত এ স্কুলের কেন্দ্রগুলোতে গড়ে ২৬ শতাংশ ভোট পড়েছে। প্রতিটি কেন্দ্রে দাঁড়িপাল্লা ও ধানের শীষের পোলিং এজেন্ট দেখা গেলেও বাকি প্রার্থীদের উপস্থিতি দেখা যায়নি। কয়েকটি ভোটকক্ষে মোরগ মার্কার পোলিং এজেন্ট দেখা গেছে।

যদিও ৭২ নম্বর নারী কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, সকল মার্কার পোলিং এজেন্টরা এসেছেন। তবে সরজমিনে তার কথার সত্যতা পাওয়া যায়নি।

গুলশান-বনানী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। পথে পায়ে হাঁটা মানুষের ভিড় ছিল। ভোটকেন্দ্র এক প্রকার মিলনমেলায় পরিণত হয়েছে। পরিবেশ ছিল উৎসবমুখর। নির্বাচন নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা লক্ষ্য করা যায়নি। ভোটার বা প্রার্থীদের কোনো অভিযোগ দেখা যায়নি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর– ১৫, ১৮, ১৯ ও ২০ এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে ঢাকা–১৭ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে মোট ১২ জন বৈধ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৭০৯ এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ০৬০ জন রয়েছেন। এছাড়া তৃতীয় লিঙ্গের ৮ জন ভোটার রয়েছেন। এ আসনে মোট ১২৪টি ভোট কেন্দ্র রয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীক নিয়ে বগুড়ার পাশাপাশি এ আসনে নির্বাচন করছেন। এছাড়া এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির স. ম. খালিদুজ্জামান দাঁড়িপাল্লা প্রতীকে, জাতীয় পার্টির আতিক আহমেদ লাঙ্গল প্রতীকে, কাঁঠাল প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয় পার্টির কামরুল হাসান নাসিম, বাইসাইকেল প্রতীক নিয়ে জাতীয় পার্টি- জেপি এর তপু রায়হান, ময়ূর প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. আনিসুজ্জামান খোকন এবং হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ উল্যাহ ঢাকা–১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ আসনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) হয়ে টেলিভিশন প্রতীক নিয়ে এস এম আবুল কালাম আজাদ, ডাব প্রতীক নিয়ে বাংলাদেশ কংগ্রেসের মো. শামীম আহমদ, আনারস প্রতীক নিয়ে বাংলাদেশ লেবার পার্টির মুহাম্মদ রাশেদুল হক এবং আপেল প্রতীক নিয়ে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মনজুর হুমায়ুন বুধবার তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এর আগে মোরগ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন।

Facebook Comments Box

Posted ১২:১৩ পিএম | বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(279 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।