| মঙ্গলবার, ১৬ মে ২০২৩ | প্রিন্ট | 101 বার পঠিত

ভারতের মহারাষ্ট্রে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমা নিয়ে সংঘর্ষে একজন নিহত ও আটজন আহত হওয়ার ঘটনায় শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্য কর্তৃপক্ষ সেখানকার ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। জারি করেছে কারফিউ।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, চলচ্চিত্র ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টকে কেন্দ্র করে আকোলা শহরে শনিবার সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে একজন নিহত ও অন্তত আটজন আহত হন। আহতদের মধ্যে এক নারী কনস্টেবলও রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ শহরে ইন্টারনেট সেবা বন্ধ ও কারফিউ জারি করেছে। ওই সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ওই সিনেমাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক পোস্টের প্রতিবাদ জানাতে গত শনিবার আকোলার একটি থানার সামনে একটি সম্প্রদায়ের লোকজন জড়ো হন। সেখান থেকেই সহিংসতার শুরু।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই পোস্টে শহরের দুই বাসিন্দার কথোপকথনের স্ক্রিনশট ছিল। তাদের একজন ওই স্ক্রিনশট ইনস্টাগ্রামে শেয়ার করেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক পুলিশ কর্মকর্তা জানান, ওই কথোপকথনের কিছু বক্তব্য অন্য ব্যক্তির ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে’। এর বেশি কিছু বলেননি ওই পুলিশ কর্মকর্তা।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের দপ্তর থেকে রাজ্যবাসীকে শান্তি বজায় রাখতে আহ্বান জানানো হয়। একই সঙ্গে এ সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে রাজ্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
নানা হুমকি–ধমকির মধ্যে গত সপ্তাহে মুক্তি পায় ‘দ্য কেরালা স্টোরি’। তবে মুক্তির আগেই কয়েক মাস ধরে এ নিয়ে বিতর্ক চলছিল। ‘দ্য কেরালা স্টোরি’র গল্প আইএসে যোগ দেওয়া ধর্মান্তরিত কেরালার নারীদের নিয়ে।
বিরোধী দলের রাজনীতিবিদেরা এই সিনেমার সমালোচনা করে এটিকে ‘প্রোপাগান্ডা’ বলে অভিহিত করেছেন। তবে এ সিনেমার নির্মাতাদের ভাষ্য, কয়েক বছরের গবেষণা ও সত্য ঘটনার অবলম্বনে এটি নির্মাণ করা হয়েছে।
Posted ৩:০১ পিএম | মঙ্গলবার, ১৬ মে ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।