বিনোদন ডেস্ক | বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 84 বার পঠিত

দেশের জনপ্রিয় নবীন–প্রবীণ শিল্পীদের নিয়ে নির্মাণ হয়েছে ওয়েব সিরিজ ‘আঁতকা’। রাবা খানের গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিরিজটি নির্মাণ করেছেন আরাফাত মহসীন নিধি। পারিবারিক প্রেক্ষাপটের নানান টুইস্টে নির্মাণ হয়েছে এটি।
এতে অভিনয় করেছেন আবুল হায়াত, রোজী সিদ্দিকী, সাবেরী আলম, মৌসুমি নাগ, আরশ খান, সুনেরাহ বিনতে কামাল, সোহেল মণ্ডল, ফারিহা রহমান, মুকুল সিরাজ, সুমন আনোয়ার, তন্ময় পারভেজ, দুর্জয়, আলিফ খান, ফারদীন খানসহ অনেকে।
রোজী সিদ্দিকী বলেন, ‘অনেকদিন পর আমরা কিছু পুরনো মানুষ একসঙ্গে হতে পেরেছি। এত হাসাহাসি করেছি যে নির্মাতা বলতে বাধ্য হয়েছে যে, আপনারা প্লিজ হাসি থামান, আমাকে সিনটা করতে দেন। ছোটদের সঙ্গেই মজা করেছি। ওরা (ছোটরা) বুঝতে পেরেছে, বড়রা কী পরিমাণ ফানি হতে পারে।’
নবীন-প্রবীণদের কার চ্যালেঞ্জ কেমন ছিল? এমন প্রশ্নে আবুল হায়াত বলেন, ‘অভিনয় করাটাই চ্যালেঞ্জিং। যেকোনো চরিত্রে অভিনয় করাটাই কঠিন। আর নতুনদের সঙ্গে কাজ করাটা আরও কঠিন কারণ ওরা আমাদের চেয়ে অনেক ভালো অভিনয় করে।’
আরশ খানের ভাষ্য, ‘আমার জন্য চ্যালেঞ্জ ছিল দাদার সঙ্গে (আবুল হায়াত) প্রথম দৃশ্যটা। সবসময় তাকে টিভিতে দেখেছি, আবুল হায়াত আমার কাছে ‘দ্য আবুল হায়াত’। সিনটা করব কীভাবে এটা ভেবে আগের রাতে জ্বর চলে এসেছিল।’
২০২৩ সালে নিধি ও রাবার মাথায় আসে ‘আঁতকা’–এর গল্প। ভাবতে ভাবতেই তারা সিদ্ধান্ত নেন যে গল্পটা ফ্যামিলি ড্রামা থেকে কিছুটা হরোর কমেডিও হবে। ২০২৪–এর শেষে এর সিন-সিনপসিসগুলো তারা লেখেন। বাকি কাজগুলো শেষ হয় চরকির সঙ্গে যুক্ত হওয়ার পর, জানান রাবা-নিধি।
রাবা বলেন, ‘আমরা ফ্যামিলি ড্রামা করতে চেয়েছিলাম এবং এটা এখনও সেটাই আছে। তবে এর সঙ্গে টুইস্ট হিসেবে যুক্ত হয়েছে অনেক ডাল-পালা।’
আরাফাত মহসীন নিধির ভাষায়, “আমার ইচ্ছা ছিল মাল্টি কাস্টিং নিয়ে কাজ করার। আমি আমার ছোটবেলায় যাদের দেখেছি, তাদের কেন সিনেমা বা ওটিটিতে পাচ্ছি না, সেটা আমরা একটা চিন্তা ছিল। তাই যখন ফ্যামিলি গল্প নিয়ে কাজ শুরু করলাম, আমরা চেয়েছিলাম এরকম একটা কাস্ট নিয়ে কাজ করার। যাদের চেয়েছি, তাদেরকে পেয়েছি বলতে পারেন এবং মজার বিষয় হলো তাদের সঙ্গে আমার আগের কোনো যোগাযোগ ছিল না। আমি লাকি যে সবাই আমার কাজে হ্যাঁ বলেছেন।”
দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির অরিজিনাল সিরিজ ‘আঁতকা’। ১৪ জানুয়ারি রাত ১২টায় (১৫ জানুয়ারি) সিরিজটি মুক্তি পাবে চরকিতে।
Posted ৫:২১ এএম | বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।