নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 111 বার পঠিত

জিতলেই সেমিফাইনাল, হারলেই বিদায়—সমীকরণটা ছিল একেবারেই পরিষ্কার। গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে না পারলেও বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
মঙ্গলবার রাতে দুবাইয়ে টস হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ২০ ওভারে ৬৯ রানেই থেমে যায় আমিরাতের ইনিংস।
শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ৮ রানে ২ উইকেট হারানোর পর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও জুয়াইরিয়া ফেরদৌস প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে ৩১ রানের বেশি যোগ করতে পারেনি এই জুটি। জুয়াইরিয়া ১৬ রানে ফেরার পর শারমিন আক্তার সুপ্তাকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন জ্যোতি।
১১তম ওভারে ২৩ রানে জ্যোতির বিদায়ের পর মাত্র ৫৫ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন সুপ্তা ও নাহিদা আক্তার। সপ্তম উইকেটে ৪৩ বলে ৪২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তারা।
৩১ বলে ৩৮ রানের দারুণ ইনিংস খেলেন সুপ্তা। তাঁর ব্যাট থেকে আসে তিনটি চার। নাহিদা ১৬ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ১০৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের চাপে পড়ে আমিরাত। প্রথম ওভারেই অধিনায়ক ইশা ওজা ফেরেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিক দল। একপর্যায়ে ৩৮ রানেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রাবেয়া খান। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। মারুফা আক্তার ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। নাহিদা আক্তারও নেন ২ উইকেট। এ ছাড়া সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন একটি করে উইকেট পান।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৬৯ রানেই গুটিয়ে যায় আমিরাতের ইনিংস।
এই জয়ে তিন ম্যাচে দুই জয় নিয়ে ‘বি’ গ্রুপে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশ। গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিফাইনালে উঠেছে তারা। শেষ চারে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। বৃহস্পতিবার মুখোমুখি হবে দুই দল।
অন্য সেমিফাইনালে লড়বে শ্রীলঙ্কা ও পাকিস্তান।
Posted ১২:৪৯ এএম | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।