মঙ্গলবার ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

অনন্ত জলিলের অনুষ্ঠানে সাংবাদিক হেনস্তার অভিযোগ, যা বললেন এ অভিনেতা

  |   মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   85 বার পঠিত

অনন্ত জলিলের অনুষ্ঠানে সাংবাদিক হেনস্তার অভিযোগ, যা বললেন এ অভিনেতা

অনন্ত জলিলের ‘কিল হিম’ ছবির প্রদর্শনীতে টেলিভিশন সাংবাদিকের ট্রাইপড চুরি, মাইক্রোফোন কেড়ে নেওয়া, বুম ভাঙা এবং নারী সাংবাদিককে লাঞ্ছনা ও হেনস্তার অভিযোগ উঠেছে। ঘটনার ভুক্তভোগী গাজী টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের জে৵ষ্ঠ প্রযোজক রাজন হাসান এ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি গতকাল রোববার বিকেলে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে ঘটে যাওয়া ঘটনা তুলে ধরেন। এদিকে আজ সোমবার ছবির প্রচারণায় থাকা অনন্ত জলিল গতকাল সাংবাদিক ভাই ও সাংবাদিক বোনদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় ‘কষ্ট’ পেয়েছেন বলে জানান।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও হেনস্তার শিকার গাজী টিভির অনুষ্ঠান বিভাগের প্রযোজক রাজন হাসান ঘটনার বর্ণনা দেন। তাঁর ভাষায়, ‘আমরা নিমন্ত্রিত হিসেবে আগেই সেখানে হাজির ছিলাম। কারণ, অনন্ত আমাদের জানিয়েছেন, তিনি আসবেন, ছবিটি দেখবেন এবং আমাদের সঙ্গে কথা বলবেন। যেটা যেকোনো ছবি মুক্তির পর রুটিন ওয়ার্কই বলা যায়। তো যথাসময়ে গিয়ে দেখি, অনন্তকে ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য বেশ কিছু ‘ভক্ত’ স্টার সিনেপ্লেক্সের বাইরে অপেক্ষা করছিলেন। তাঁরা সিনেমাটা দেখেনওনি। দেখে এটাও বোঝা যায়, তাঁরা সিনেমার দর্শকও না। তো শুরু থেকেই তাঁরা উপস্থিত সংবাদকর্মীদের কাজে বাধা প্রদান করে আসছিলেন। এরপরও তাঁরা ক্ষান্ত যাননি।

অনন্তকে ফুল দেওয়ার আয়োজনের সময়, ভিড়ের সুযোগকে কাজে লাগিয়ে আমাদের নারী সহকর্মীদের সঙ্গে বাজে আচরণ করে। যাতে অত্যন্ত ঘৃণ্য একটি নজির সৃষ্টি হলো। ব্যক্তিগতভাবে আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। এ ছাড়া সেই লোকজন একটি বেসরকারি টিভি চ্যানেলের ট্রাইপড ও অন্য একটি চ্যানেলের বুম চুরি করে নিয়ে যায়। অন্যদিকে একটি অনলাইন পোর্টালের বুম ভেঙে ফেলে। চলে তর্কবিতর্ক। এমন চিত্র ঢালিউড সিনেমা হলের সামনে অন্তত কেউ দেখেনি আগে। যেটা গতকাল ঘটে গেল।’

অনন্ত জলিলের অনুষ্ঠানে ঘটে যাওয়া এ ধরনের ঘটনায় সাংবাদিকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে সিসিটিভির ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। অবশ্য ‘কিল হিম’ ছবির প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘লোক ভাড়া করে আনার অভিযোগ একেবারেই মিথ্যা। ছবিটি দেখতে আসা দর্শকদের ভিড় উপচে পড়ায় ধাক্কাধাক্কি বেশি হয়েছে। ওই ভিড়ের কবলে অনন্ত জলিলসহ তিনি নিজেও নাকি পড়েছিলেন। তাঁর দাবি, কাল তো আমিও ভিড়ে আমার আংটি হারিয়ে ফেলেছি। আর লোক ভাড়া করে আনার যে বিষয়টি বলা হচ্ছে, তা মিথ্যা। যাঁরা এসেছেন, তাঁরা নায়কের ক্রেজি ভক্ত। অনন্ত ভাইকে একপলক দেখতেই তাঁরা ছুটে এসেছে।’

এদিকে ঘটনার ভুক্তভোগী আরেক সাংবাদিক বুলবুল আহমেদ এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন।

এ ছাড়া ফেসবুকে তিনি লিখেছেন, ‘অনন্ত জলিল অভিনীত  কিল হিম সিনেমার সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের হেনস্তা করার যে ঘটনা ঘটেছে, তাঁর নিন্দা জানানোর ভাষা আমার নেই। তবে অবাক লেগেছে, ভাড়া করে লোক এনেও যখন ছবির পরিচালক সাফাই গাইছেন, তাঁরা নাকি অনন্ত জলিলের ক্রেজি ভক্ত, তখন অবাক লাগে কীভাবে ডাহা মিথ্যা কথা বলে। মি. ইকবাল আপনিই তো গতকাল (রোববার) সাংবাদিকদের সামনে ছবির শো চলাকালে বলেছিলেন, আজ খেলা দেখাবেন। তা ভালোই খেলা দেখালেন। বাইরের মানুষ ভাড়া করে এনে তাঁদের হাতে ফুলের পাপড়ি ও ফুলের মালা দিয়ে যে নাটক সাজিয়েছিলেন, তা সেলুলয়েডের বাইরে ভালোই পারফর্ম করেছে। আপনার ভাড়া করা লোকেরা কিন্ত আমার ওপরও চড়াও হয়েছিল…।’

হেনস্তার শিকার হওয়া একজন সাংবাদিক বলেন, ‘আমরা অনন্ত জলিলের দাওয়াতেই ঈদের দ্বিতীয় দিন সিনেপ্লেক্সে দর্শকদের উপস্থিতি কভার করতে যাই। সেখানে যাঁরা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করেন, তাঁরা কেউ সিনেমার দর্শক নন, তাঁরা অনন্ত জলিলকে স্যার ছাড়া কথা বলেন না!’

কিল হিম ছবির নায়ক অনন্ত জলিল ও পরিচালক মোহাম্মদ ইকবালকে উদ্দেশ করে সময় টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক আল কাছির বলেন, ‘সিসি ক্যামেরা দেখে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা হোক, শাস্তির ব্যবস্থা করা হোক। যতক্ষণ পর্যন্ত না করবেন, ততক্ষণ আমরা আপনাদের বয়কট করলাম।’
এদিকে অনন্ত জলিল আজ সোমবার ছবির প্রচারে থাকা অবস্থায় সাংবাদিক লাঞ্ছনা, হেনস্তার বিষয়ে সংবাদমাধ্যমকে বলেন, ‘কাল রাতে আমি যখন অনেকের কাছে শুনেছি, সাংবাদিক ভাইদের গায়ে হাত তুলেছে, সাংবাদিক বোনদের গায়ে হাতে তুলেছে— সারা রাত আমার অনেক কষ্ট লেগেছে।’

Facebook Comments Box

Posted ১২:০২ এএম | মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।